কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ফরয গোসলের পদ্ধতি কী? ওযূ করে ফরয গোসল করার পর ছালাতের জন্য কি পুনরায় ওযূ করতে হবে?

উত্তর : ফরয গোসলের পদ্ধতি এবং প্রতিনিয়ত আমরা যে গোসল করে থাকি তার পদ্ধতি অভিন্ন। আর তাহল, প্রথমে ডান হাতে পানি নিয়ে দুই হাত কব্জি পর্যন্ত ধুবে। শরীরে নাপাক লেগে থাকলে বাম হাত দ্বারা পরিষ্কার করবে (ছহীহ বুখারী, হা/২৬৬)। দুই হাত ভালোভাবে ধুয়ে ওযূ করবে (ছহীহ বুখারী, হা/২৪৯)। কুলি করার সময় গলায় ও নাকের ভিতরে ভালো করে পানি পৌঁছাবে (ছহীহ বুখারী, হা/২৫৯)। গোসলের স্থানে পানি জমা হয়ে থাকলে গোসলের পর পা ধুয়ে নেবে (ছহীহ বুখারী, হা/২৬০)। অতঃপর গায়ে পানি ঢালবে। তারপর তিনবার মাথায় পানি ঢেলে সমস্ত শরীর ভালো করে ধুয়ে নিবে (ছহীহ বুখারী, হা/২৫৫, ২৫৭, ২৫৮)। পুরো শরীর ভালোভাবে ঘষতে হবে। সামান্য অংশও যেন শুকনো না থাকে এবং শরীর ভালভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়। একাধিকবার পুরো শরীরে পানি দেওয়া যেতে পারে। ওযূর সময় পা ধুয়ে না থাকলে একবার পা ধুয়ে নিবে (ছহীহ বুখারী, হা/২৫৭) এবং সারা গা মুছে ফেলবে। তাহলে শারঈ মোতাবেক গোসল আদায় হয়ে যাবে। উল্লেখ্য যে ওযূ করে গোসল করার পর ছালাতের জন্য পুনরায় ওযূ করতে হবে না বরং সে ওযূই ছালাতের জন্য যথেষ্ট হবে।

-আব্দুল্লাহ আল-মামুন

গাইবান্ধা সদর।


Magazine