কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : পুরুষরা মহিলা আলোচকের এবং মহিলারা পুরুষ আলোচকের ইসলামিক লেকচার শুনতে পারবে কি?

উত্তর : পুরুষরা মহিলা আলোচকের ইসলামিক লেকচার বা ওয়াজ-নছীহত শুনতে পারবে না। তবে মহিলারা পুরুষ আলোচকের ইসলামিক ওয়াজ-নছীহত শুনতে পারবে। আব্দুল্লাহ ইবনু আববাস হতে বর্ণিত রাসূল (ছাঃ) ঈদের মাঠে গিয়ে প্রথমে ঈদের ছালাত আদায় করতেন। তারপর খুৎবা প্রদান করতেন। এরপর মহিলাদের নিকট যেতেন ও তাদেরকে ওয়াজ-নছীহত করছেন এবং দান-ছাদাক্বাহ করার জন্য উৎসাহিত করতেন (বুখারী, হা/২৫৪৯; মুসলিম, হা/৮৮৪; তাহক্বীক্ব মিশকাত, হা/১৪২৯)। সুতরাং পুরুষরা মহিলাদেরকে ওয়াজ-নছীহত করতে ও ইসলামি হুকুম-আহকাম শিক্ষা দিতে পারে। এমনকি তাদের জন্য স্বতন্ত্র বৈঠকের ব্যবস্থাও করতে পারে। যেমন রাসূল (ছাঃ) মহিলাদের জন্য একটি দিন নির্ধারণ করেছিলেন (বুখারী, হা/১০১, ৭৩১০)। এছাড়া দ্বীন সম্পর্কে অভিজ্ঞ কোন মহিলার কাছে গিয়েও প্রশ্ন করে শরী‘আত সম্পর্কে জেনে নিতে পারে (মুসলিম, হা/৭৪৬)। তবে তাদের বাহিরে যাওয়া নিষেধ। বিশেষ করে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গিয়ে জালসা করে বেড়ানো তাদের জন্য শরী‘আত সম্মত নয়, যা বর্তমানে চলছে। কেননা মহিলাদের সুন্দর কণ্ঠস্বর পরপুরুষকে শুনাতে নিষেধ করা হয়েছে (আহযাব, ৩২)।

-সিরাজুল ইসলাম

দিনাজপুর।


Magazine