উত্তর : হাদীছ ও সুন্নাতের মধ্যে কোন পার্থক্য নেই। হাদীছ বলা হয়, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কর্ম ও মৌন সম্মতিকে। সুন্নাহ ঐ একই জিনিস। যেমন মালেক ইবনু আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, تَرَكْتُ فِىْكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوْا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللهِ وَسُنَّةَ رَسُوْلِهِ ‘আমি তোমাদের মাঝে দু’টি বস্ত্ত রেখে গেলাম। যতদিন তোমরা সে দু’টি জিনিস আঁকড়ে ধরে থাকবে, ততদিন পর্যন্ত পথভ্রষ্ট হবে না- (১) আল্লাহ্র কিতাব, (২) তাঁর রাসূলের সুন্নাত’ (মুওয়াত্ত্বা মালেক, হা/৩৩৩৮; মুস্তাদরাক হাকেম, হা/৩১৮; ছহীহ আত-তারগীব ওয়াত তরহীব, হা/৪০; মিশকাত, হা/১৮৬)। অন্যত্র তিনি বলেন, عَلَيْكُمْ بِسُنَّتِى وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِيْنَ الْمَهْدِيِّينَ ‘তোমরা আমার ও আমার হেদায়াত প্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের সুন্নাতকে আঁকড়ে ধর’ (ছহীহ আবুদাঊদ, হা/৪৬০৭; ইবনু মাজাহ, হা/৪২; মিশকাত, হা/১৫৫)। উল্লিখিত বর্ণনাদ্বয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাদীছকে ‘সুন্নাত’ বলে অভিহিত করেছেন। উল্লেখ্য যে, ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণের কথা ও কাজকে ‘আছার’ (أثر) বলা হয় যা হাদীছের প্রতিশব্দ। সুতরাং হাদীছ ও সুন্নাত একই জিনিস। উভয়ের মধ্যে কোন পার্থক্য নেই।
আব্দুল আলীম
গোদাগাড়ী, রাজশাহী।
