কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : অমুসলিমদের দিয়ে মসজিদের কোন কাজ করিয়ে নেয়া যাবে কি? যদি যায় তাহলে সূরা তওবার ২৮ নং আয়াতের ব্যাখ্যা কী হবে?

উত্তর : প্রয়োজনে অমুসলিমদেরকে দিয়ে মসজিদের কাজ করিয়ে নেয়া যায়। কেননা মুসলিমরা অদ্যাবধি যে কা‘বায় ছালাত আদায় করছে তা অমুসলিমরা নির্মাণ করেছিল (বুখারী, হা/১৫৮২, ৩৮২৯; মুসলিম, হা/৩৪০)। সূরা তওবায় মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! মুশরিকরা তো অপবিত্র সুতরাং এই বৎসরের পর তারা যেন মসজিদুল হারামের নিকট না আসে’ (তওবা, ২৮)। অত্র আয়াতে অপবিত্র বলতে অমুসলিমরা আল্লাহর সাথে শিরক করার কারণে সত্ত্বাগতভাবে অপবিত্র। তাই বলে তারা শারীরিকভাবে অপবিত্র এমনটা নয়। তাদের সাথে উঠা-বসা, লেন-দেন সবই জায়েয। এমন কি তারা যদি অনুমতি নিয়ে মসজিদে প্রবেশ করে তাতেও কোন বাধা নেই। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালীন তাঁর নিকট ওয়াফদে নাজরান, ওয়াফদে ছাক্বীফ ইত্যাদি বিধর্মী প্রতিনিধি দল ও ব্যক্তিরা উপস্থিত হয়েছে, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে। যেমন সুমামা ইবনু উছালকে মসজিদের খুটিতে বেঁধে রাখা হয়েছিল (বুখারী, হা/৪৬২; মুসলিম, হা/১৭৬৪; মিশকাত, হা/৩৯৬৪)।

-আব্দুল ওয়াদুদ, নারায়ণগঞ্জ।



Magazine