ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন এক বাবা। পুলিশ ঐ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাঁকে ১১ মাসের কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, পাঁচ-ছয় বছর আগে সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মীর রফীক আলীর ছেলে মীর জাবেদ আলী মাদকাসক্ত হয়ে পড়ে। সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিল। কয়েক মাস ধরে মাদকের টাকার জন্য পরিবারের সদস্য ও বিভিন্ন লোকজনের উপর নানাভাবে অত্যাচার করে আসছিল জাবেদ। মাদকের টাকার জন্য উপজেলা সদরের বৈকাল বাজার এলাকায় কর্মজীবী এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিতও করে সে। ঘটনা জানার পর বাবা ছেলেকে শাসাতে গেলে তিনিও লাঞ্ছিত হন। তখন বাবা রফীকসহ পরিবারের লোকজন জাবেদ আলীকে আটক করে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেন।
