ভারতের তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসবাদে জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেশ করতে না পারায় ডাঃ যাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারী করতে অস্বীকার করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। যাকির নায়েকের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইন্টারপোল ডাঃ যাকির নায়েকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ বাতিল করে দিয়েছে। বিশ্বজুড়ে ইন্টারপোলের সব দফতর থেকে ডাঃ নায়েক সম্পর্কে তথ্য মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। রেড কর্নার নোটিশ বাতিল করার কারণ হিসাবে রাজনৈতিক ও ধর্মীয় পক্ষপাতিত্বের কথাও উল্লেখ করা হয়েছে।
গত বছরের নভেম্বরে যাকির নায়েকের সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের অভিযোগে এই সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। যাকির নায়েকের বিরুদ্ধে ইউএপিএ, ১২০ বি, ১৫৩ এ, ২৯৫ এ, ২৯৮ ও ৫০৫ (২) ধারায় মামলা করা হয়। ভারতের তরুণদের ‘মৌলবাদে’ উস্কানি দিয়ে সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টার অভিযোগ আনে এনআইএ।
