ছালাতের অনেক সুন্নাত রয়েছে। এগুলোর মধ্যে একটি হলো সুতরা গ্রহণ। নিম্নে এ বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।
১. সুতরা গ্রহণ করা সুন্নাত:
ইমাম ও একাকী ছালাত আদায়কারীর জন্য সুতরা গ্রহণ করা সুন্নাত। আর ইমামের সুতরাই হচ্ছে মুক্তাদীর সুতরা। আবূ সাঈদ রাযিয়াল্লাহু আনহু থেকে মারফূ‘সূত্রে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন ছালাত আদায় করে, সে যেন সুতরা গ্রহণ করে...’।[1]
সুতরা গ্রহণ করা যে সুন্নাত, এ ব্যাপারে বহু হাদীছ বর্ণিত হয়েছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাট, প্রাচীর, গাছের ডাল, কাঠ, বর্শা, বল্লম ও উষ্ট্রীবাহন ইত্যাদি বস্তুকে সুতরা হিসেবে গ্রহণ করেছেন।
সামনে দিয়ে কেউ অতিক্রম করার আশঙ্কা থাকা বা না থাকা সত্ত্বেও বিল্ডিংয়ে বা ফাঁকা ময়দানে, সফরে কিংবা মুক্বীম অবস্থায় সুতরা গ্রহণ করা সুন্নাত। কেননা এ সংক্রান্ত হাদীছে বিল্ডিং ও ফাঁকা ময়দানের মাঝে কোনো পার্থক্য উল্লেখ নেই। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর ও মুক্বীম সর্বাবস্থায় সর্বদা সুতরা গ্রহণ করতেন। যেমনটি আবূ জুহায়ফার হাদীছে বর্ণিত রয়েছে।[2]
২. সুতরা কাছাকাছি রাখা সুন্নাত:
সুতরা এবং সিজদার মাঝ দিয়ে ছাগল অতিক্রম করতে পারে এতটুকু পরিমাণ সুতরা কাছাকাছি রাখা সুন্নাত। সাহল ইবনু সা‘দ সাঈদী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাতের স্থান ও দেয়ালের মাঝে একটা বকরি চলার মতো ব্যবধান ছিল।[3] ‘ছালাতের স্থান’ দ্বারা উদ্দেশ্য হচ্ছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সিজদা করার জায়গা। মুসনাদে আহমাদ ও আবূ দাঊদের হাদীছে বর্ণিত হয়েছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুতরার মাঝে তিন হাত পরিমাণ জায়গা থাকত।[4]
৩. মুছল্লীর সামনে দিয়ে অতিক্রমকারীকে বাধা দেওয়া সুন্নাত:
আবূ সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যদি সামনে সুতরা রেখে ছালাত আদায় করে আর কেউ যদি তার সামনে দিয়ে অতিক্রম করতে চায়, তাহলে সে যেন তাকে বাধা দেয়। যদি সে বাধা না মানে, তবে সে ব্যক্তি (মুছল্লী) যেন তার সাথে লড়াই করে। কেননা সে শয়তান’।[5]
যদি মুছল্লীর সামনে দিয়ে কোনো মহিলা, কালো কুকুর বা গাধা অতিক্রম করে; তবে বিশুদ্ধতম মতানুসারে তাকে বাধা দেওয়া আবশ্যক। কেননা এই তিন শ্রেণির কেউ ছালাতের সামনে অতিক্রম করে চলে গেলে ছালাত নষ্ট হয়ে যাবে। যেমনটি ছহীহ মুসলিমে আবূ যার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীছে উল্লেখিত হয়েছে। তবে মহিলা, কালো কুকুর বা গাধা ছাড়া অন্য কিছু অতিক্রম করে চলে গেলে ছালাত নষ্ট হবে না। এই অভিমতটিকে শায়খ ইবনু উছায়মীন রাহিমাহুল্লাহ অগ্রাধিকার দিয়েছেন।
৪. প্রত্যেক ছালাতের সময় মিসওয়াক করা সুন্নাত:
যেসব স্থানে মিসওয়াক করার গুরুত্বারোপ করা রয়েছে, এটা তার তৃতীয় স্থান। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যদি আমার উম্মতের জন্য কষ্ট মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক ছালাতের সময় তাদের মিসওয়াক করতে নির্দেশ দিতাম’।[6]
[1]. ছহীহ বুখারী, হা/৫০৯; ছহীহ মুসলিম, হা/৫০৫।
[2]. ছহীহ বুখারী, হা/৫০১; ছহীহ মুসলিম, হা/৫০৩।
[3]. ছহীহ বুখারী, হা/৮৯৬; ছহীহ মুসলিম, হা/৫০৮।
[4]. মুসনাদে আহমাদ, হা/৬২৩১; আবূ দাঊদ, হা/২০২৪, হাদীছ ছহীহ।
[5]. ছহীহ মুসলিম, হা/৫০৫।
[6]. ছহীহ বুখারী, হা/৮৮৭।
