কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১): কাদারিয়া ও মু‘তাযিলা কারা? তাদের আক্বীদা জানতে চাই।

উত্তর: কাদারিয়া ও মু‘তাযিলা ইসলামের ইতিহাসে দুটি ভ্রষ্ট কালামভিত্তিক দল। যদিও তাদের মধ্যে কিছু বিষয়ে মিল আছে, তবে তারা একই দল নয়। কাদারিয়া হলো এমন একটি দল, যারা আল্লাহর নির্ধারিত তাকদীরকে অস্বীকার করে। তারা বলে, আল্লাহ তাআলা বান্দাদের কর্ম সৃষ্টি করেননি; বরং বান্দা নিজেই তার কাজের স্রষ্টা। অথচ আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আমি প্রত্যেক জিনিস তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি’ (আল-ক্বামার, ৫৪/৪৯)। তিনি আরও বলেন, ‘আল্লাহই সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমরা যা তৈরি কর তাও’ (আছ- ছাফফাত, ৩৭/৪০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সবকিছুই তাকদীর অনুযায়ী, এমনকি অক্ষমতা ও প্রজ্ঞাও’ (ছহীহ মুসলিম, হা/২৬৫৫)। ইসলামী শরীআতে কাদারিয়ারা অগ্নিপূজক। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কাদারিয়ারা এ উম্মতের মাজূস (অগ্নিপূজক)। তারা অসুস্থ হলে তাদের দেখতে যেয়ো না এবং তারা মারা গেলে তাদের জানাযায় উপস্থিত হয়ো না’ (আবূ দাঊদ, হা/৪৬৯১)। মু‘তাযিলা একটি ভ্রান্ত আক্বীদার দল, যারা ওয়াসিল ইবনু আতা আল-গাযযাল এর অনুসারী হিসেবে পরিচিত। তাদের মূলনীতি পাঁচটি- (১) তাওহীদ: তারা আল্লাহর তাআলার অনেক ছিফাত (গুণাবলি) অস্বীকার বা অপব্যাখ্যা করে। (২ (ন্যায়বিচার: তারা বলে, মানুষ নিজেই নিজের কাজ সৃষ্টি করে; আল্লাহ বান্দার কাজ সৃষ্টি করেন না। এখানেই তারা কাদারিয়াদের মত গ্রহণ করে। (৩) দুই অবস্থানের মধ্যবর্তী অবস্থান: কাবীরা গুনাহকারী মুসলিম নয়, মুমিনও নয়, কাফেরও নয়; বরং দুনিয়াতে সে ঈমান ও কুফরের মধ্যবর্তী একটি অবস্থানে থাকে। (৪) শাস্তির অঙ্গীকার বাস্তবায়ন: আল্লাহ কাবীরা গুনাহকারীর জন্য কোনো সুপারিশ (শাফাআত) গ্রহণ করবেন না এবং সে যদি তওবা না করে মারা যায়, তাহলে কিয়ামতের দিন চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। (৫) সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: প্রয়োজনে শক্তি (তলোয়ার) প্রয়োগ করেও অন্যায় পরিবর্তন করা ও অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা আবশ্যক হতে পারে।

প্রশ্নকারী :  মো. হাসিবুর রহমান

শালগাড়িয়া, পাবনা সদর।

Magazine