কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১): আমি বিয়ে করতে চাই, কিন্তু স্ত্রীকে পর্দায় রাখার মতো উপযুক্ত ও নিজস্ব বাড়ি আমার নেই। আমাদের জমি নদীভাঙনে বিলীন হয়ে গেছে, বর্তমানে আমরা অন্যের জমিতে বসবাস করছি। অন্যদিকে, বিয়ে না করে নিজের ঈমান ও চরিত্র সংযত রাখা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে। ছিয়াম রাখার চেষ্টা করেছি, কিন্তু ১২ ঘণ্টার চাকরির কারণে তা নিয়মিত পালন করাও কষ্টকর। এ অবস্থায় আমার করণীয় কী?

উত্তর: এমতাবস্থায় বিবাহ করাই উচিত। কেননা যে ব্যক্তি পবিত্র থাকার উদ্দেশ্যে বিবাহ করেন, আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে তার অভাব দূর করা, তাকে সাহায্য করা ও তার জীবনে বরকতের দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও। তারা যদি দরিদ্র হয়, আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ’ (আন-নূর, ২৪/৩২)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তিন ব্যক্তিকে অবশ্যই আল্লাহ সাহায্য করবেন- ১. আল্লাহর পথে মুজাহিদ, ২. যে মুকাতাব তার ঋণ পরিশোধ করতে চায় এবং ৩. যে ব্যক্তি পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিবাহ করে’ (তিরমিযী, হা/১৬৫৫)। সুতরাং নিজস্ব বাড়ি নেই বা আর্থিক অবস্থা খুব উন্নত নয়—শুধু এ কারণে বিবাহ ছেড়ে দেওয়া উচিত নয়, বরং বিবাহ করাই উচিত।

প্রশ্নকারী : মো. ছালেকুর ইসলাম।



Magazine