উত্তর: AI (Artificial Intelligence অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর মাধ্যমে মানুষ বা পশু-প্রাণীর ছবি ও ভিডিও তৈরি করা এবং সেগুলো প্রচার করা জায়েয নয়। কেননা AI দিয়ে হুবহু মানুষ ও প্রাণীর মতো ছবি বা ভিডিও তৈরি করা হয়। ছবি অঙ্কনকারী যেমন ছবির বিভিন্ন আকৃতি তৈরি করে, তেমনি AI ব্যবহার করে বিভিন্ন নিদের্শনা (Prompt) দিয়ে ব্যক্তির চাহিদা অনুযায়ী ছবি বা ভিডিও তৈরি করা হয় এবং AI-এর ব্যবহারে মূল ছবির বিকৃতি চলে আসে। যেহেতু ইসলামের দৃষ্টিতে মানুষ বা প্রাণীর ছবি অঙ্কন করা হারাম, সেহেতু মূল ছবি বিকৃত করে ভিডিও তৈরি করা আরও জঘন্যরূপে হারাম হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি প্রদান করা হবে ছবি অঙ্কনকারীদের’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০)। অন্য হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি পৃথিবীতে কোনো ছবি অঙ্কন করবে তাকে কিয়ামতের দিন তার রূহ দেওয়ার ব্যাপারে বাধ্য করা হবে’ (ছহীহ মুসলিম, হা/২১১০)।
প্রশ্নকারী : মো. আল আমিন
