কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): আমার মা নানাবাড়ি থেকে সামান্য সম্পত্তি বিক্রি করে টাকা এনেছে এবং বাবা-মা জীবিত আছে। সেই টাকা কি আমার মা নিজ ইচ্ছেমতো খরচ করতে পারবে, নাকি ওয়ারিছদের মাঝে ভাগ করে দিতে হবে জীবিত থাকা অবস্থায়? উল্লেখ্য যে, আমার মা-বাবাকে আমি ছাড়া কোনো সন্তান নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনেও দেয় না বা ওষুধপত্রও কিনে দেয় না। এখন যদি মা সব টাকা আমার সাংসারিক কাজে ব্যয় করে, এতে কি মা-বাবা ও আমি গুনাহগার হব? অর্থাৎ আমি, বাবা ও মা তিনজনই ওই টাকা ভোগ করছি।

উত্তর: মায়ের নিজস্ব পৈতৃক বা নানাবাড়ি থেকে প্রাপ্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যায়, তা তার নিজস্ব মালিকানাধীন সম্পদ। তিনি জীবিত অবস্থায় নিজের প্রয়োজন, চিকিৎসা, ভরণপোষণ এবং প্রয়োজনে স্বামী-সন্তানদের জন্য তা ব্যয় করতে সম্পূর্ণ স্বাধীন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের জন্য নিজের ও পরিবারের প্রয়োজন পূরণে ব্যয় করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব’ (ছহীহ বুখারী, হা/৫৩৫৫)। অতএব, মায়ের জীবদ্দশায় তার মালিকানাধীন সম্পদকে ওয়ারিছদের মধ্যে মীরাছ হিসেবে বণ্টন করা সঠিক নয়। কেননা মীরাছের অধিকার ব্যক্তির মৃত্যুর পরই কার্যকর হয়। আল্লাহ তাআলা বলেন, ‘পিতা-মাতা ও নিকটাত্মীয়রা যা রেখে যায়, তাতে পুরুষদের জন্য অংশ রয়েছে এবং নারীদের জন্যও অংশ রয়েছে’ (আন-নিসা, ৪/৭)। সুতরাং মা জীবিত থাকাকালে তার সম্পদ সম্পূর্ণ তার মালিকানাধীন থাকবে। তিনি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া অবশিষ্ট সম্পদ শারঈ বিধান অনুযায়ী ওয়ারিছদের মধ্যে বণ্টিত হবে।

প্রশ্নকারী : কবিরুল ফরাজী

গোপালগঞ্জ।

Magazine