কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): মহিলাদের ক্ষেত্রে বাড়ির বাইরে চোখে সুরমা দেওয়ার মাসআলা কী? ঘরেও যদি সুরমা দেয় এবং বাইরে যাওয়ার আগে মুখ ধুয়ে নেয়, তবে চোখে সুরমা কিছুটা লেগে থাকে, তাহলে বাইরে গেলে কি গুনাহ হতে পারে?

উত্তর: ইসমিদ সুরমা ব্যবহার করলে দৃষ্টিশক্তি পরিষ্কার হয় এবং চোখের পাপড়ি গজায় (আবূ দাঊদ, হা/৩৮৭৮)। যার মাধ্যমে নারীদের সৌন্দর্য বৃদ্ধি পায়, যা (সৌন্দর্য) আল্লাহ তাআলা গায়রে মাহরাম পুরুষদের সামনে প্রকাশ করতে নিষেধ করেছেন (আন-নূর, ২৪/৩১)। অতএব, নারীদের জন্য বাড়ির বাইরে যাওয়ার সময় চোখে সুরমা ব্যবহার করে গায়রে মাহরাম পুরুষদের সামনে তা প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত। তবে ঘরে সুরমা ব্যবহার করার পর বাইরে যাওয়ার পূর্বে তা মুছবে/ধৌত করবে এবং অনিচ্ছাকৃতভাবে সামান্য চিহ্ন থেকে যায়, যা স্পষ্ট সাজসজ্জা হিসেবে প্রতীয়মান হয় না, তাহলে গুনাহ হবে না।

প্রশ্নকারী : উম্মুল মুয়াজ

সিরাজগঞ্জ।

Magazine