উত্তর: ইসলামে বিষণ্নতা, হতাশা, দুঃখ, উদ্বেগ ও মানসিক অশান্তি ইত্যাদি কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা, কখনো গুনাহ মাফের মাধ্যম, কখনো সতর্কবার্তা, আবার কারও ক্ষেত্রে নিজের গুনাহ ও ভুলের ফলও হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ, জীবন ও ফল-ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন’ (আল-বাকারা, ২/১৫৫)। আল্লাহ তাআলা আরও বলেন, ‘তোমাদের ওপর যে বিপদই আসে, তা তোমাদের হাতের কামাইয়ের কারণেই; আর তিনি অনেক কিছু ক্ষমা করে দেন’ (আশ-শূরা, ৪২/৩০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোনো মুসলিমের ক্লান্তি, রোগ, দুশ্চিন্তা, দুঃখ, কষ্ট বা বেদনা, এমনকি কাঁটা বিঁধলেও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দেন’ (ছহীহ বুখারী, হা/৫৬৪১; ছহীহ মুসলিম, হা/২৫৭৩)। বিষণ্নতা ও মানসিক অশান্তি থেকে পরিত্রাণের উপায়- ১. নিম্নোক্ত দু‘আ পড়া: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَالِ অর্থ: ‘হে আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই; অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই; ভীরুতা ও কৃপণতা থেকে আশ্রয় চাই এবং ঋণের বোঝা ও মানুষের প্রাধান্য থেকে আশ্রয় চাই’ (ছহীহ বুখারী, হা/২৮৯৩)। ২. ছালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করা (আল-বাকারা, ২/৪৫)।
প্রশ্নকারী : গোলাম রাব্বি
বরিশাল।
