কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৩) : দাওয়াত দিয়ে নিজ পরিবার-পরিজনকে গ্রহণ করাতে না পারলে কি বাহিরে দাওয়াতী কাজ করা যাবে?

উত্তর : হ্যাঁ, যাবে। কেননা, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চাচা আবু তালেবকে দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এতদসত্ত্বেও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দাওয়াত অব্যাহত রেখেছিলেন এবং স্বীয় উম্মাতকে তা অব্যাহত রাখতে বলেছেন। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমার পক্ষ হতে যদি একটি আয়াতও জানা থাকে, তাহলে তা পৌঁছে দাও। বনী ইসরাঈলের কাহিনী বর্ণনা কর, তাতে কোন দোষ নেই। যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যারোপ করবে, সে যেন তাঁর বাসস্থান জাহান্নামে প্রস্ত্তত করে নেয়’ (ছহীহ বুখারী, হা/৩৪৬১; মিশকাত, হা/১৯৮)। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমাদের মাঝে এমন একটি দল থাকা চাই যারা কল্যাণের দিকে আহবান করে, ভাল কাজের আদেশ করে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে। আর তারাই সফলকাম’ (আলে-ইমরান, ১০৪)। এমনকি দায়িত্ব পালনে ব্যর্থ হ’লে পরকালে প্রশ্নের সম্মুখীন হ’তে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে’ (ছহীহ বুখারী, হা/৭১৩৮; ছহীহ মুসলিম, হা/১৮২৯; মিশকাত, হা/৩৬৮৫)।

-আমীনা আক্তার

 শেরপুর।


Magazine