উত্তর : জুম‘আর খুৎবা দাঁড়িয়ে প্রদান করতে হবে। এটাই বিধিবদ্ধ সুন্নাত। জাবের ইবনু সামুরা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুত্ববা দিতেন। অতঃপর মাঝে একটু বসতেন। তারপর আবার দাঁড়িয়ে খুত্ববা দিতেন। রাবী বলেন, যে ব্যক্তি তোমাকে বলে যে, তিনি বসে খুত্ববা দিতেন, তাহলে সে মিথ্যারোপ করল। আল্লাহর কসম! আমি তাঁর সাথে দুই হাজারেরও অধিকবার ছালাত আদায় করেছি (অথচ কখনো তাঁকে বসে খুত্ববা প্রদান করতে দেখিনি (ছহীহ মুসলিম, হা/৮৬২; মিশকাত, হা/১৪১৫)। ইবনে উমার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম‘আতে দুইটি খুত্ববা প্রদান করতেন। প্রথমে তিনি মিম্বারে উঠে মুআযযিন আযান শেষ না করা পর্যন্ত বসে থাকতেন। অতঃপর উঠে দাঁড়িয়ে (প্রথম) খুত্ববা দিতেন। তারপর বসতেন এবং কোনো কথা না বলে আবার দাঁড়াতেন এবং (দ্বিতীয়) খুত্ববা দিতেন (ছহীহ মুসলিম, হা/২০৩২; আবূ দাঊদ, হা/১০৯২; সুনানুল কুবরা বায়হাক্বী, হা/৫৫৩৮)। কেউ যদি বসে খুত্ববা প্রদান করে, তাহলে তা বিদ‘আত হবে, যা পরিত্যাজ্য। তবে অসুস্থতাজনিত কারণে খত্বীব বসে খুত্ববা শেষ করতে পারেন (ফিক্বহুস সুন্নাহ, ১/২৩২)।
-শহীদ সরদার
আদমদিঘী, বগুড়া।
