উত্তর : দুই সিজদার মাঝখানে তথা প্রথম সিজদা থেকে উঠে ‘দুই সিজদার মধ্যবর্তী বৈঠকের দু‘আ’ পড়া পর্যন্ত সোজা হয়ে প্রশান্তির সাথে বসা প্রত্যেক ছালাত আদায়কারীর একান্ত কর্তব্য। আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা হতে মাথা উত্তোলন করতেন, তখন আবার (দ্বিতীয়) সিজদায় যেতেন না, যতক্ষণ পর্যন্ত সোজা হয়ে না বসতেন (ছহীহ মুসলিম, হা/৪৯৮; ইবনু মাজাহ, হা/৮৯৩; মুসনাদে আহমাদ, হা/২৪০৭৬; মিশকাত, হা/৭৯১)। কিন্তু যদি কোনো ইমাম তা ভঙ্গ করে দ্রুত সিজদায় চলে যায় তাহলে মুক্তাদীরা সংক্ষিপ্তভাবে رَبِّ اغْفِرْ لِيْ রাববী ইগফিরলী দু‘আটি পড়ে তার সাথে সাথে সিজদা দিতে পারে। কেননা নবী করীম (ছাঃ) দু’সিজদার মাঝে কখনো কখনো উক্ত দু‘আটিও পড়তেন (নাসাঈ, হা/১১৪৫; দারেমী, হা/১৩২৪; মিশকাত, হা/৯০০)। তবে দ্রুত ছালাত আদায় করার কারণে ছালাতের খুশূ-খুযূ নষ্ট হলে ও ছালাতে ত্রুটি হলে ইমাম দায়ী হবেন, মুক্তাদীর ছালাত হয়ে যাবে। আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা ছালাত আদায় করাবে, তারা যদি ঠিকমত আদায় করায়, তাহলে তা তোমাদের সকলের পক্ষেই। আর বেঠিক আদায় করালে তা তোমাদের জন্য নেকী এবং তাদের জন্য গুনাহ’ (বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)।
-হাফিযুর রহমান
গাবুয়া, পটুয়াখালী।
