কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আত্মসাৎকারীর পরিণাম কী?

উত্তর : আত্মসাৎ করা আমানতের খেয়ানত করার শামিল এবং তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অন্যায়ভাবে একে অপরের মাল ভক্ষণ করো না’ (নিসা, ২৯)। তিনি আরও বলেন, ‘আর কোনো নবীর পক্ষে আত্মসাৎ করা শোভনীয় নয় এবং কেউ আত্মসাৎ করলে, যা সে আত্মসাৎ করেছে তা উত্থান দিবসে আনয়ন করা হবে; অনন্তর প্রত্যেক ব্যক্তি যা অর্জন করেছে তা পূর্ণরূপে দেওয়া হবে এবং তারা অত্যাচারিত হবে না’ (আলে ইমরান, ১৬১)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যার আমানতদারী নেই তার ঈমান নেই’ (বায়হাক্বী, মিশকাত, হা/৩৫, সনদ হাসান, ‘ঈমান’ অধ্যায়)। অন্যত্র তিনি বলেন, ‘আত্মসাৎকারীর পরিণাম জাহান্নাম’ (ছহীহ বুখারী, হা/৪২৩৪; ছহীহ মুসলিম, হা/১১৫; মিশকাত, হা/৩৯৯৭)। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওমর রাযিয়াল্লাহু আনহু আমার নিকট বর্ণনা করেছেন যে, খায়বারের যুদ্ধের দিন নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছাহাবীগণের একটি দল বাড়ি ফিরে আসার পথে বললেন, অমুক শহীদ, অমুক শহীদ, শেষ পর্যন্ত এমন এক ব্যক্তিকে ছাহাবীগণ শহীদ বললেন, যার ব্যাপারে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়! আমি তাকে একটি চাদরের কারণে জাহান্নামে দেখছি, যা সে আত্মসাৎ করেছে (ছহীহ মুসলিম, হা/১১৪; মিশকাত, হা/৪০৩৪)।

-সালাউদ্দিন কাদের

মিরপুর, কুষ্টিয়া।


Magazine