কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : কেউ কোনো কথা বলার পর যদি বলে যে, ‘এটি মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা’ অথচ সেটা যদি তাঁর কথা না হয় তাহলে তার স্থান জাহান্নাম। এর পক্ষে দলীল জানিয়ে বাধিত করবেন।

উত্তর : নিজের বা অন্যের কোনো কথাকে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা বলে চালিয়ে দেওয়া মূলত তাঁর প্রতি মিথ্যারোপ করা, যার পরিণাম একমাত্র জাহান্নাম। সালামাহ ইবনু আকওয়া রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয় (ছহীহ বুখারী, হা/১০৯)। এমর্মে আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘একটি আয়াত (কথা) হলেও তোমরা আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আর বানী ইসরাঈলদের কাহিনি বর্ণনা করতে পার তাতে সমস্যা নেই। তবে কেউ যদি আমার উপর ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করে, তাহলে সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয়’ (ছহীহ বুখারী হা/৩৪৬১; মিশকাত হা/১৯৮)। আলী ইবনু রাবী‘আহ রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি (কূফার) মাসজিদে এলাম।

 এ সময় মুগীরাহ রাযিয়াল্লাহু আনহু কূফার আমীর ছিলেন। মুগীরাহ রাযিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, আমার প্রতি মিথ্যারোপ করা তোমাদের কারও প্রতি মিথ্যারোপ করার মতো নয়। যে ব্যক্তি জেনেশুনে ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার বাসস্থান নির্ধারণ করে নেয় (ছহীহ বুখারী, হা/১২৯১; ছহীহ মুসলিম, হা/৪)।

-জাকিরুল ইসলাম

 পীরগঞ্জ, রংপুর।


Magazine