কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমার বিয়েতে খিরকাচি, আট মংলা, মালা বদল ও থুবড়ার মতো রীতি পালন করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এসব করিনি, এসব পছন্দও করি না। আর মুনাজাত করা হয়েছে, কিন্তু আমি হাত তুলিনি। ইসলামের দৃষ্টিতে এসব রীতিনীতি বা আমার আচরণ কি আমার বিয়ের ছহীহ হওয়ায় কোনো প্রভাব ফেলে? এতে কি আমার পাপ হবে? কুরআন-হাদীছের দলীলসহ জানতে চাই।

উত্তর: বিয়েতে খিরকাচি, আট মংলা, মালা বদল, থুবড়া ইত্যাদি ইসলামে এসব রীতি নেই। এগুলো হিন্দুদের মাঝে প্রচলিত কুসংস্কার। আর যারা কাফের অথবা তাদের ভুল ঐতিহ্যের অনুকরণ করবে, তারা তাদের দলের বলে গণ্য হবে (আবূ দাঊদ, হা/৪০৩১)। বিয়েতে এ সকল রীতিনীতির কোনো কারণবশত প্রতিফলন হলেও বিবাহ বিশুদ্ধ হবে। কারণ বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো— (১) ইজাব-কবুল (২) ওয়ালী (মেয়ের অভিভাবক) এবং (৩) দুজন ন্যায়পরায়ণ সাক্ষী। যদি বর উল্লেখিত পদ্ধতিগুলো নিজে না করে, পছন্দও না করে, বাধ্য হয়ে বা পরিস্থিতির কারণে এগুলো হয়েছে, তাহলে তিনি গুনাহগার নন। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ কারও উপর তার সাধ্যাতীত দায়িত্ব চাপিয়ে দেন না’ (আল-বাকারা, ২/২৮৬)। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ‘ভুলবশত হলেও তোমাদের উপর কোনো গুনাহ নেই, গুনাহ শুধু যা তোমরা ইচ্ছাকৃত কর’ (আল-আহযাব, ৩৩/৫)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine