কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : আক্বীদা ভ্রষ্ট ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে কি? (যেমন তিনি বিশ্বাস করেন যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি; তিনি গায়েব জানতেন ইত্যাদি)।

উত্তর : ‘মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন’ এমন আক্বীদা পোষণকারী ইমামের পিছনে ছালাত আদায় করা যাবে না। কেননা আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না (আন‘আম, ৫৯)। তাছাড়া এটি বড় শিরকের অন্তর্ভুক্ত মহাপাপ। তবে আক্বীদা যদি এমন হয় যা বিদ‘আতী বা ফাসেক্বী আক্বীদা প্রমাণ করে তাহলে তার পিছনে সাময়িকভাবে ছালাত আদায় করা যেতে পারে। কেননা এমন আক্বীদা পোষণ করার কারণে ইমাম গোনাহগার হবেন। কিন্তু মুক্তাদীর ছালাত হয়ে যাবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘অনেকেই তোমাদেরকে ছালাত আদায় করায়। তারা যদি ঠিক করে তাহলে তোমাদের জন্য নেকী রয়েছে। আর তারা যদি ভুল করে, তাতে তোমাদের নেকী হবে আর তাদের গোনাহ হবে’ (ছহীহ বুখারী, হা/৬৯৪; মিশকাত, হা/১১৩৩)। উল্লেখ্য যে, এ ধরনের ইমামদের সংশোধনের জন্য বলতে হবে। সংশোধিত না হলে ইমাম পরিবর্তন করা বাঞ্ছনীয়।

-তরীকুল ইসলাম

বৃ-কুষ্টিয়া, বগুড়া।


Magazine