কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : আমি বিদেশ আসার সময় সূদ দেওয়ার শর্তে কিছু টাকা ধার নিয়েছিলাম। বর্তমানে তা পরিশোধ করে ফেলেছি। প্রশ্ন হলো, বিদেশে আমার এই উপার্জন কি হালাল হচ্ছে?

উত্তর : শরী‘আতে ‘সূদ’ বা সূদভিত্তিক সকল লেনদেন সম্পূর্ণ হারাম (বাক্বারাহ, ২৭৫)। জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, দাতা, তার লেখক ও সাক্ষ্যদাতার প্রতি লা‘নত করেছেন (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮; মিশকাত, হা/২৮০৭)। তাই এসব অন্যায় ও অপকর্মের জন্য খালেছ অন্তরে তওবা করতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন এবং আপনার উপার্জনকেও হালাল করতে পারেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলেন, ‘যারা তওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে; আল্লাহ তাদের পাপ পরিবর্তন করে দিবেন পুণ্যের দ্বারা; আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু’ (ফুরক্বান, ৭০)। তিনি অন্যত্র বলেন, ‘তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ (তারা) আল্লাহর রহমত হতে নিরাশ হয়ো না; আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু’ (যুমার, ৫৩)। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক আদম সন্তান ভুলকারী আর ভুলকারীদের মধ্যে তারাই শ্রেষ্ঠ, যারা তওবা করে’ (তিরমিযী, হা/২৪৯৯; ইবনু মাজাহ, হা/৪২৫১; দারেমী, হা/২৭২৭; মিশকাত, হা/২৩৪১)।

-আসাদুযযামান

কুয়েত প্রবাসী।


Magazine