কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : সূরা ইখলাছ ‘বিসমিল্লাহ’সহ ২০০ বার পাঠ করলে আল্লাহ তা‘আলা ২০টি পুরস্কার দিবেন। তার মধ্যে দুনিয়াতে কিছু আর আখিরাতে কিছু। এ কথার সত্যতা কতটুকু?

উত্তর : সূরা ইখলাছ পড়ার উল্লেখিত ফযীলত সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায় না। তা ছাড়া সূরা ইখলাছ ৫০, ১০০, কিংবা ২০০ বার পাঠ করার ফযীলত সম্পর্কে যে সকল হাদীছ বর্ণিত হয়েছে, তার সবগুলোই যঈফ’ (তিরমিযী, হা/২৮৯৮; সিলসিলা যঈফাহ, হা/৩০০; মিশকাত, হা/২১৫৮-৫৯)। তবে সূরা ইখলাছ পাঠের অনন্য ফযীলত রয়েছে। যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সূরা ইখলাছ একবার পড়লে এক-তৃতীয়াংশ কুরআন পাঠের সমান ছওয়াব পাওয়া যায়’ (ছহীহ মুসলিম, হা/৮১১; ছহীহ বুখারী, হা/৫০১৩; মিশকাত, হা/২১২৭)। এ ছাড়া যে ব্যক্তি দশবার সূরা ইখলাছ পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করবেন’ (আহমাদ, সিলসিলা ছহীহাহ, হা/৫৮৯; ছহীহুল জামে‘, হা/৬৪৭২)। যে ব্যক্তি সূরা ইখলাছকে পসন্দ করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে’ (তিরমিযী, হা/১৯০১; মিশকাত, হা/২১৩০)। এর তাৎপর্য হলো তাওহীদকে সঠিকভাবে বুঝা ও সে অনুযায়ী আমল করা। উল্লেখ্য যে, সূরা ইখলাছ একবার পড়লে এক খতম কুরআন পড়ার ছওয়াব হবে মর্মে কোনো ছহীহ হাদীছ পাওয়া যায় না।

-নাজনীন পারভীন

আক্কেলপুর, জয়পুরহাট।



Magazine