উত্তর : ছালাতের আউয়াল ওয়াক্তের পরিমাণ কতটুকু সে ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে প্রত্যেক ছালাতকে তার নির্ধারিত সময়সীমার প্রথম সময়ে আদায়ের ব্যাপারে নির্দেশ এসেছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সর্বোত্তম আমল হলো আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (আবুদাঊদ, হা/৪২৬; তিরমিযী, হা/১৭০; মিশকাত, হা/৬০৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা গালাস বা ফজরের অন্ধকারে ফজরের ছালাত আদায় করতেন এবং জীবনে একবার মাত্র ইসফার বা চারদিক ফর্সা হওয়ার সময়ে ফজরের ছালাত আদায় করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এটাই তার নিয়মিত অভ্যাস ছিল (আবুদাঊদ, নায়ল, ২/৭৫ পৃ.)। অতএব গালাস ওয়াক্তে অর্থাৎ ভোরের অন্ধকারে ফজরের ছালাত আদায় করাই সুন্নাত। রাফে‘ ইবনু খাদীজ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে আছরের ছালাত আদায় করে উট যবেহ করতাম। তা ১০ ভাগ করা হতো ও রান্না করা হতো। অতঃপর আমরা তা সূর্য ডুবার পূর্বেই খেতাম (ছহীহ বুখারী, হা/২৪৮৫; ছহীহ মুসলিম, হা/৬২৫; মিশকাত, হা/৬১৫)। কোনো কোনো ছাহাবী আছরের ছালাত আদায় করে চার মাইল দূরে যেতেন, তখনো সূর্য অনেক উপরে থাকত (ছহীহ বুখারী, হা/৫৫০; ছহীহ মুসলিম, হা/৬২১; মিশকাত, হা/৫৯২)। এ সকল হাদীছের বিবরণে আউয়াল ওয়াক্তের নির্ধারিত সময়সীমা পাওয়া না গেলেও ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে ২৫/৩০ মিনিট সময় পর্যন্ত আউয়াল ওয়াক্ত হিসাবে গণ্য করা যায়।
-জাহাঙ্গীর
আত্রাই, নওগাঁ।
