উত্তর : ঈদের খুৎবা মিম্বারের উপর থেকে দেওয়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে চার খলীফার যুগ পর্যন্ত মাটিতে দাঁড়িয়ে ঈদের খুৎবা দেওয়া হত। মারওয়ান যখন মদীনার গভর্নর হলেন তখন তিনি সর্বপ্রথম ঈদের মাঠে মিম্বার স্থাপন করার নিয়ম চালু করেন। আবু সাঈদ খুদরী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন ঈদের মাঠে যেতেন এবং সেখানে তিনি প্রথম যে কাজ শুরু করতেন তা হলো ছালাত। আর ছালাত শেষ করে তিনি লোকদের দিকে মুখ করে দাঁড়াতেন এবং তাঁরা সবাই নিজ নিজ কাতারে বসে থাকত। তিনি তাঁদের নছীহত করতেন, উপদেশ দিতেন এবং নির্দেশ দান করতেন। যদি তিনি কোনো সেনাদল পাঠাবার ইচ্ছা করতেন, তবে তাদের আলাদা করে নিতেন। অথবা যদি কোনো বিষয়ে নির্দেশ জারী করার ইচ্ছা করতেন তবে তা জারী করতেন। অতঃপর তিনি ফিরে যেতেন। আবু সাঈদ রাযিয়াল্লাহু আনহু বলেন, লোকেরা বরাবর এ নিয়মই অনুসরণ করে আসছিল। অবশেষে যখন মারওয়ান মদীনার আমীর হলেন, তখন ঈদুল আযহা বা ঈদুল ফিতরের উদ্দেশ্যে আমি তাঁর সঙ্গে বের হলাম। আমরা যখন ঈদের মাঠে পৌঁছলাম তখন সেখানে একটি মিম্বার দেখতে পেলাম, সেটি কাছীর ইবনে সাল্ত তৈরি করেছিলেন.... (ছহীহ বুখারী, হা/৯৫৬)। উক্ত হাদীছ বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অধ্যায়ের নামকরণ করেন ‘মিম্বার ছাড়াই ঈদের মাঠে গমন প্রসঙ্গে’। সুতরাং নবী ও খোলাফায়ে রাশেদীনের সুন্নাতের উপর আমল করত মিম্বার ছাড়াই ঈদের মাঠে খুৎবা দিতে হবে।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁ।
