কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): আমাদের মসজিদের ইমাম বিশ্বাস করে যে, মালাকুল মাউতের কাছে লিস্ট আছে যে কখন কার জান কবয করতে হবে? এ বিশ্বাস রাখা যাবে কি এবং তার পিছনে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর:মালাকুল মাউতের কাছে আল্লাহ প্রদত্ত একটি তালিকা আছে’- এটি কুরআন-হাদীছের ভাষা নয়; বরং মৃত্যুর সময় পূর্বনির্ধারিত এবং মালাকুল মাউত সেই নির্ধারণ অনুযায়ী দায়িত্ব পালন করেন। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। তারপর তোমাদের রবের কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে’ (আস-সাজদাহ, ৩২/১১)। তিনি আরও বলেন, ‘নিশ্চয়ই আমি সবকিছু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি’ (আল-কামার, ৫৪/৪৯) এবং তিনি আরও বলেন, ‘যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে, তখন তারা এক মুহূর্ত পিছাতেও পারবে না, আগাতেও পারবে না’ (আল-আ‘রাফ, ৭/৩৪)। মানুষের আয়ু ও মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ও লিখিত (ছহীহ বুখারী, হা/৩২০৮; ছহীহ মুসলিম, হা/২৬৪৩)। সুতরাং ‘লিস্ট’ শব্দটি মূল নছের ভাষা নয়। তাই শব্দটি ব্যবহার করলে এ আক্বীদা রাখতে হবে যে, সবকিছু আল্লাহর নির্ধারণে, মালাকুল মাউত কেবল দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, তিনি স্বতন্ত্রভাবে গায়েব জানেন না এবং এই আক্বীদা পোষণকারী ইমামের পিছনে ছালাত আদায় করতে কোনো অসুবিধা নেই।

-মো. আবূ সাঈদ

খোলাহাটি, পার্বতীপুর, দিনাজপুর।

Magazine