উত্তর : এখানে ক্বিয়ামুল লাইল বা তাহাজ্জুদ ছালাতের কথা বলা হয়েছে (তিরমিযী, হা/৪৪৮; ‘রাতের ছালাতের ক্বিরাআত’ পরিচ্ছেদ)। আর উক্ত ছালাতে বার বার তেলাওয়াতকৃত আয়াতটি ছিল সূরা আল-মায়েদার ১১৮ নং আয়াত। এমর্মে আবূ যার গিফারী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রাতে) ছালাতে দাঁড়ালেন এবং একটি মাত্র আয়াত পড়তে পড়তে ভোর করে ফেললেন। আয়াতটি হলো,
إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ
‘(হে আল্লাহ!) যদি আপনি তাদের শাস্তি দেন। তারা আপনার দাস। আর যদি আপনি তাদের ক্ষমা করেন। নিশ্চয় আপনি পরাক্রমশালী ও প্রজ্ঞাবান’ (আল-মায়েদাহ, ৫/১১৮; নাসাঈ, হা/১০১০; ইবনু মাজাহ, হা/১৩৫০; মিশকাত, হা/১২০৫)। দ্বিতীয়ত, ফরয ছালাতে সহজসাধ্য একই আয়াত বার বার তেলাওয়াত করা যাবে, এতে ছালাতের কোনো ক্ষতি হবে না। উক্ত আয়াতই তার প্রমাণ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তুমি ছালাতের জন্য দাঁড়াবে, তখন তাকবীর বলবে। অতঃপর কুরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে। অতঃপর রুকূ‘তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ‘ করবে। অতঃপর সিজদা হতে উঠে স্থির হয়ে বসবে। আর তোমার পুরো ছালাত এভাবেই আদায় করবে’ (ছহীহ বুখারী, হা/৭৫৭; ছহীহ মুসলিম, হা/৩৯৭)।
-আব্দুর রহমান
সিরাজগঞ্জ সদর।
