কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : পিতা-মাতাকে ছালাত আদায়ের কথা বললেও তারা গুরুত্ব দেননা। এক্ষেত্রে সন্তানের করণীয় কী?

উত্তর : ছালাত আদায়ের গুরুত্ব সম্পর্কে তাদেরকে সাধ্যানুসারে বুঝানোর চেষ্টা করবে। সৎ কাজের আদেশ দিবে। তবে তাদের সাথে কোন প্রকার দুর্ব্যবহার বা চাপ প্রয়োগ করবে না। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচার সাথে ভাল ব্যবহার করেছেন কোন প্রকার চাপ প্রয়োগ করেননি। পিতা-মাতা কাফের বা মুশরিক হলেও মহান আল্লাহ তাদের সাথে ভাল ব্যবহার করার নির্দেশ দিয়েছেন (লুক্বমান, ১৫)। আসমা বিনতে আবুবকর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কুরাইশদের সাথে মুসলিমদের সন্ধির সময় আমার মা মুশরিকা অবস্থায় আমার কাছে আসলেন। তখন আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার মা আমার কাছে এসেছেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণে অনাগ্রহী। এমতাবস্থায় আমি কি তার সাথে সদাচরণ করব? তিনি বললেন, হ্যাঁ, তার সাথে সদ্ব্যবহার এবং সদাচরণ কর (ছহীহ বুখারী, হা/৩১৮৩; ছহীহ মুসলিম, হা/১০০৩; মিশকাত হা/৪৯১৩)।

-যুথিঁ আক্তার

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine