উত্তর : ‘রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মে‘রাজে গমন করার সময় আল্লাহর সাথে যে কথোপকথন হয় এবং ফেরেশতাগণ যে সাক্ষ্য দেন সেটাই তাশাহহুদ মর্মে বর্ণিত ঘটনাটি সনদবিহীন ও ভিত্তিহীন। তাশাহহুদের পটভূমি সম্পর্কে ছহীহ হাদীছের বক্তব্য একেবারে সুস্পষ্ট। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ‘যখন আমরা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করতাম, তখন আমরা বলতাম, اَلسَّلاَمُ عَلَى اللهِ قَبْلَ عِبَادِهِ، السَّلاَمُ عَلَى جِبْرِيْلَ، السَّلاَمُ عَلَى مِيْكَائِيْلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ অর্থাৎ, ‘বান্দাদের আগে আল্লাহর প্রতি সালাম, জিবরীল আলাইহিস সালাম-এর প্রতি সালাম, মীকাঈল আলাইহিস সালাম-এর প্রতি সালাম এবং অমুকের প্রতি সালাম। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত শেষ করে আমাদের দিকে ফিরে বললেন, আল্লাহ তাআলা নিজেই ‘সালাম’। অতএব যখন তোমাদের কেউ ছালাতের মধ্যে বসবে, তখন বলবে, التَّحِيَّاتُ لله وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ السَّلاَمُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللهِ الصَّالِحِينَ ‘মুছল্লী যখন এই কথা বলবে, তখন আসমান-যমীনে সব নেক বান্দাদের নিকট এ সালাম পৌঁছে যাবে। তারপর বলবে,أَشْهَدُ أَنْ لاَ إِلٰهَ إِلاَّ اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُه وَرَسُوْلُه ‘তারপর সে যা ইচ্ছা দু‘আ করবে’ (ছহীহ বুখারী, হা/৬২৩০; ছহীহ মুসলিম, হা/৪০২)।
-ড. মো. গোলাম মোর্তুজা
পদ্মা আবাসিক এলাকা, রাজশাহী।
