কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : যদি রুকূতে যাওয়ার পূর্বে হাত উত্তোলন না করি এবং তাশাহহুদের সময় শাহাদাত আঙ্গুল না উঠাই তাহলে কি ছালাত হবে?

উত্তর : রাফউল ইয়াদায়েন ছালাতের একটি অতীব গুরুত্ব ও ফযীলতপূর্ণ সুন্নাত। কেননা ছালাতে রাফউল ইয়াদায়েনের জন্য ১০টি করে নেকী বেশি হয় (সিলসিলা ছহীহা, হা/৩২৮৬)। উক্ববা ইবনে আমের জুহানী রাযিয়াল্লাহু আনহু বলেন, যখন মুছল্লী রুকূতে যাওয়ার সময় এবং রুকূ থেকে উঠার সময় দুই হাত উত্তোলন করবে, তখন তার জন্য প্রত্যেক ইশারায় ১০টি করে নেকী হবে (বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান, হা/৮৩৯; আলবানী, ছিফাতু ছালাতিন নবী, পৃ. ১২৯)। অন্যদিকে তাশাহহুদের বৈঠকে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করাও ছালাতের একটি সুন্নাত। এ কাজটি শয়তানের উপর খুব কঠিন হয় এবং সে মুছল্লীকে বিভ্রান্ত করার ব্যাপারে নিরাশ হয়ে যায়। নাফে‘ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু উমার রাযিয়াল্লাহু আনহু যখন ছালাতে বসতেন তখন দুই হাত দুই হাঁটুর উপর রাখতেন, তাঁর আঙ্গুল দ্বারা ইশারা করতেন এবং তার উপর দৃষ্টি নিক্ষেপ করতেন। অতঃপর তিনি বলেন, নবী করীম ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, এই আঙ্গুলের ইশারা শয়তানের উপর লোহার চেয়েও কঠিন’ (মুসনাদে আহমাদ, হা/৬০০০; মিশকাত, হা/৯১৭, সনদ হাসান)। উল্লেখ্য যে, তাশাহহুদের সম্পূর্ণ বৈঠকেই মুদৃভাবে আঙ্গুল নড়াতে হবে। কেবলমাত্র ‘আশহাদু আল্লা-ইলা-হা’ বলার সময় একবার আঙ্গুল উঠানোর প্রমাণে কোনো হাদীছ পাওয়া যায় না (ছহীহ মুসলিম, হা/৫৮০; মিশকাত, হা/৯০৬-এর টীকা-১ দ্র.)। আরও উল্লেখ্য যে, আঙ্গুল না নেড়ে কেবল তুলে রাখার হাদীছটি যঈফ (মিশকাত, হা/৯১২-এর টীকা দ্র.; যঈফ আবূ দাঊদ, হা/৯৮৯)। সুতরাং ছালাতে রুকূতে যাওয়ার পূর্বে হাত উত্তোলন করা ও তাশাহহুদের বৈঠকে শাহাদাত আঙ্গুল নড়াচড়া করা অতীব গুরুত্বপূর্ণ দুইটি সুন্নাত। এ সুন্নাতদ্বয়ের প্রতি আমলের জন্য যত্নবান হওয়া জরুরী। তবে কেউ তা পরিত্যাগ করার কারণে ছালাত বাতিল হবে না; বরং তার ছালাতের নেকী কম হবে (আবূ দাঊদ, হা/৭৯৬)।

-আমীর হামজা

যাত্রাবাড়ী, ঢাকা।


Magazine