উত্তর : মৃত্যুশয্যায় কালেমা তাইয়্যেবা পড়লে ঈমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। মুয়ায ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লা-হ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন, ‘যার শেষকথা হবে লা-ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে’ (আবূ দাঊদ, হা/৩১১৬; মিশকাত, হা/১৬২১)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় বলেছিলেন,لَا إِلَهَ إِلَّا اللهُ إِنَّ لِلْمَوْتِ سَكَرَاتٍ ‘লা-ইলাহা ইল্লাল্লাহু, ইন্না লিল-মাউতে সাকারাতিন’ অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। সত্যিই মৃত্যুযন্ত্রণা কঠিন’ (ছহীহ বুখারী, হা/৪৪৪৯; মিশকাত, হা/৫৯৫৯)। তাছাড়া বিশেষভাবে মৃত্যুযন্ত্রণায় নিপতিত ব্যক্তিকে কালেমার তালক্বীন দেওয়া তথা তার পাশে বসে কালেমা পড়তে থাকা জরুরী। ইয়াহইয়া ইবনু উমারাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবূ সাঈদ আল-খুদরী রাযিয়াল্লাহু আনহু-কে বলতে শুনেছি, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা মুমূর্ষু ব্যক্তিকে ‘লা-ইলা-হা ইল্লাল্লাহ’র তালক্বীন দাও’ (ছহীহ মুসলিম, হা/৯১৬-১৭; মিশকাত, হা/১৬১৬)।
-আনোয়ার হোসেন
কাশিমপুর, গাজীপুর।
