উত্তর : বিকাশ, রকেট বা মোবাইল ব্যাংকিংসহ সকল ক্ষেত্রে সে প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কি না? তা নির্ভর করে ঐ প্রতিষ্ঠানের লেনদেন ও ব্যবসা পদ্ধতির উপর। যদি সে প্রতিষ্ঠান শরীআতের অর্থনীতিমালা সম্পূর্ণ মেনে লেনদেন বা ব্যবসা পরিচালনা করে তাহলে, সে প্রতিষ্ঠানে চাকরি করা যাবে। আর যদি সে প্রতিষ্ঠান সে সব নীতিমালা মেনে লেনদেন বা ব্যবসা না করে (যেমন : হারাম পণ্যের ব্যবসা, সূদী লেনদেন, অতিরিক্ত ট্যাক্স, প্রতারণা ইত্যাদি) তাহলে এমন প্রতিষ্ঠানে কোনো প্রকারের চাকরি, লেনদেন করা যাবে না। সুতরাং চাকরি নেওয়ার আগে সে প্রতিষ্ঠানের সংবিধান জেনে ও বুঝে চাকরিতে যোগ দিতে হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদের সাথে জড়িত সকলকে অভিশপ্ত হিসাবে উল্লেখ করেছেন (মুসনাদে আহমাদ, হা/৩৭২৫; জামেউল হাদীছ, হা/১৮৩৮৩)। ইবনে আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন এবং বললেন, ‘আল্লাহ তাআলা ইয়াহূদীদের ধ্বংস করুন। তাদের উপর চর্বি হারাম করা হয়েছে, অথচ তারা তা বিক্রয় করে এবং তার মূল্য ভক্ষণ করে। নিশ্চয় আল্লাহ তাআলা যখন কোনো বস্তুকে হারাম ঘোষণা করেন, তখন তার মূল্যকেও হারাম করে দেন’ (ছহীহ ইবনে হিব্বান, হা/৪৯৩৮)।
-রোকনুজ্জামান
শিবগঞ্জ, বগুড়া।
