উত্তর : ‘উওয়াইস কারানী’ একজন জালিলুল ক্বদর তাবেঈ। তিনি নবী মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামানা পেয়েছেন। কিন্তু তাঁকে দেখেননি। যুহাইর ইবনু হারব রাহিমাহুল্লাহ উসাইর ইবনু জাবির রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, কূফার একটি প্রতিনিধিদল ওমর রাযিয়াল্লাহু আনহু-এর কাছে আসে। তাদের মধ্যে এক ব্যক্তিও ছিল যে উওয়াইস রাযিয়াল্লাহু আনহু -কে ঠাট্টা-বিদ্রম্নপ করত। ওমর রাযিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এখানে ‘কারান’ গোত্রের কোন লোক আছে কি? তখন ঐ লোকটি উঠে আসল। এরপর ওমর রাযিয়াল্লাহু আনহু বললেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কাছে ইয়ামান থেকে এক ব্যক্তি আসবে, যে উওয়াইস নামে পরিচিত। ইয়ামানে তার মা ছাড়া আর কেউ নেই। তার শ্বেত রোগ হয়েছিল। সে আল্লাহ্র কাছে দু‘আ করার বদৌলতে আল্লাহ তার শ্বেত রোগ মুক্ত করে দেন। তবে কেবলমাত্র এক দিনার অথবা এক দিরহাম পরিমাণ স্থান আরোগ্য হয়নি। তোমাদের মধ্যে যে কেউ তার সাক্ষাত পাবে সে যেন তাকে দিয়ে তোমাদের জন্য ক্ষমার দু‘আ করিয়ে নেয়’ (ছহীহ মুসলিম, হা/২৫৪২; ইফাবা হা/৬০৫৩)।
-জুঁই
ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
