রামাযানে নেমে আসে রহমতের আলো,
নফসের অন্ধকারে জাগে তাক্বওয়ার ভালো।
ছিয়ামের শপথে জাগে আত্মশুদ্ধির গান,
ক্ষুধার মাঝে শেখায় ছবর, শেখায় ঈমান।
ভোরের আযানে নাচে নিদ্রাভরা মন,
রবের ডাকে জেগে ওঠে বিশ্বাসী জনগণ।
দিনভর তৃষ্ণায় পুড়ে নীরব প্রার্থনা,
রবের নৈকট্যে ঝরে পড়ে গুনাহের আবর্জনা।
সূর্য ঢলতেই খোলে দোয়ার আকাশ,
ইফতারের মুহূর্তে নামে কবুলের প্রকাশ।
এক ফোঁটা পানি, এক খেজুরের তৃপ্তি,
শিখিয়ে দেয় কৃতজ্ঞতা, শেখায় বিনয়ী ভক্তি।
রামাযান শেখায়, সবকিছু ছেড়ে দাও,
অন্যায় অহংকার থেকে নিজেকে বাঁচাও।
রাত নামে, তারাবীর সুরে কাঁদে সিনা,
কুরআনের আলোয় জ্বলে উঠে হৃদয়-দীপশিখা।
লায়লাতুল ক্বদরে ঝরে নূরের ধারা,
এক রাতেই বদলে যায় হাজার মাসের হারা।
শেষ প্রহরে মিনতি ওঠে কাঁপা স্বরে,
হে রব! মাফ করো—চোখ ভিজে যায় জলে।
রামাযান যায়, রেখে যায় হেদায়াতের পথ,
ছিয়ামের শিক্ষা হোক সারা জীবনের ব্রত।
-আব্দুল ওয়াদুদ বিন আবূ বকর
শিক্ষার্থী, আল জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
