ভূমিকা: রামাযান মুসলিম জীবনে এক অনন্য আত্মিক জাগরণের নাম। এ মাসে মসজিদগুলো প্রাণ ফিরে পায়, কুরআনের তিলাওয়াতে মুখরিত হয় প্রতিটি ঘর, দান-ছাদাকা ও সহমর্মিতায় সমাজ হয়ে ওঠে মানবিক। একজন গাফেল মানুষও যেন হঠাৎ করে আল্লাহমুখী হয়ে উঠে। কিন্তু প্রশ্ন হলো এই পরিবর্তন কি কেবল এক মাসের জন্য? রামাযান শেষ হলে যদি আমরা আগের জীবনেই ফিরে যাই, তবে রামাযানের প্রকৃত শিক্ষা কোথায়?
কুরআন মাজীদে ছিয়ামের উদ্দেশ্য স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, আল্লাহ তাআলা বলেন,يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর ছিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাক্বওয়া অর্জন করতে পার’ (আল-বাক্বারা, ২/১৮৩)। অতএব, তাক্বওয়াই রামাযানের মূল লক্ষ্য। আর তাক্বওয়া মানে হলো আল্লাহভীতি, আত্মসংযম ও নৈতিক জীবনযাপন, যা বছরের প্রতিটি দিনেই বহাল রাখা জরুরী।
ইবাদতে ধারাবাহিকতা: রামাযানের পরেও ছালাতের কাতার অটুট রাখা জরুরী। রামাযানে মানুষ পাঁচ ওয়াক্ত ছালাত, তারাবীহ, তাহাজ্জুদ ও নফল ইবাদতে অত্যন্ত যত্নবান হয়। কিন্তু রামাযানের পর অনেকেই আবার শৈথিল্যে ফিরে যায়। অথচ ইসলামের শিক্ষা হলো ইবাদতে স্থায়িত্ব বজায় রাখা। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ أَدْوَمُهَا وَإِنْ قَلَّ ‘আল্লাহর নিকট সেই আমলই অধিক প্রিয়, যা নিয়মিত করা হয়; যদিও তা অল্প হয়’।[1] অতএব, প্রতিদিন কিছু সময় ছালাত, যিকির-আযকার ও নফল ইবাদত অব্যাহত রাখা রামাযানের প্রকৃত শিক্ষা।
কুরআনের সাথে আজীবন সম্পর্ক: রামাযান ‘শাহরুল কুরআন’ তথা কুরআনের মাস। কিন্তু কুরআন শুধু এক মাসের জন্য নয়; এটি মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশিকা। আল্লাহ বলেন,إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ ‘নিশ্চয় এই কুরআন এমন পথ দেখায়, যা সর্বাধিক সঠিক’ (আল-ইসরা, ১৭/৯)। সুতরাং প্রতিদিন তিলাওয়াত, অর্থ বুঝা ও পারিবারিক কুরআন চর্চা আমাদের জীবনের অংশ হওয়া উচিত।
আত্মসংযম ও চরিত্র গঠনে ছিয়ামের প্রকৃত তাৎপর্য: ছিয়াম শুধু ক্ষুধা-তৃষ্ণা সহ্য করা নয়, বরং এটি চরিত্রের পরিশুদ্ধি। মিথ্যা, গীবত, রাগ ও অশ্লীলতা থেকে দূরে থাকা ছিয়ামের প্রকৃত শিক্ষা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন,مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالْعَمَلَ بِهِ فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও খারাপ কাজ বর্জন করে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই’।[2] অতএব, একজন ছিয়াম পালনকারীর প্রকৃত পরিচয় তার সুন্দর আচরণে।
দান-ছাদাকা ও সামাজিক দায়িত্বে মানবতার অবিরাম চর্চা: রামাযানে দান-ছাদাকার প্রবণতা বৃদ্ধি পায়। কিন্তু ইসলাম চায় এই সহমর্মিতা সারা বছর স্থায়ী হোক। আল্লাহ বলেন, وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ ‘আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় কর, তিনি তার বিনিময় দেবেন এবং তিনিই উত্তম রিযিকদাতা’ (সাবা, ৩৪/৩৯)। অতএব, মাসিক ছাদাকা, যাকাত আদায় এবং অসহায়দের পাশে দাঁড়ানো ঈমানের অপরিহার্য অংশ।
নফল ছিয়াম রামাযানের পরের পথচলার সেতুবন্ধন: রামাযানের পর নফল ছিয়াম আত্মশুদ্ধি বজায় রাখতে সহায়ক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ ‘যে ব্যক্তি রামাযানের ছিয়াম রাখল, তারপর শাওয়ালের ছয় দিন ছিয়াম রাখল, সে যেন সারা বছর ছিয়াম রাখল’।[3]
পরিবার ও সমাজে দ্বীনী পরিবেশ: ইসলাম ব্যক্তিগত ধর্ম নয়, এটি পারিবারিক ও সামাজিক জীবনব্যবস্থা। সন্তানদের ইসলামী শিক্ষা দেওয়া এবং ঘরে দ্বীনী পরিবেশ সৃষ্টি করা অত্যন্ত জরুরী। আল্লাহ বলেন,يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا ‘তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে রক্ষা করো’ (আত-তাহরীম, ৬৬/৬)।
উপসংহার: রামাযান মূলত একটি প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হলো মানুষকে তাক্বওয়াবান, ছালাত আদায়কারী, কুরআনমুখী, মানবিক ও চরিত্রবান বানানো। যদি এই পরিবর্তন বছরের বাকি সময়েও বজায় থাকে, তবেই রামাযানের সুফল পাওয়া যাবে। অন্যথা এটি কেবল একটি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হয়ে যাবে।
রামাযান আমাদের শিখিয়েছে, পরিবর্তন সম্ভব। এখন প্রয়োজন সেই পরিবর্তনকে সারা বছর বাস্তব জীবনে কার্যকর করা। আল্লাহ আমাদের সহায় হোন- আমীন!
মো. শাহাবুদ্দিন
সহকারী শিক্ষক, বেল্লারমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, যশোর।
[1]. ছহীহ বুখারী, হা/৬৪৬৫; ছহীহ মুসলিম, হা/৭৮৩।
[2]. ছহীহ বুখারী, হা/১৯০৩।
[3]. ছহীহ মুসলিম, হা/১১৬৪।
