কেবল ২০১৮ সালেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন তিন শতাধিক কাশ্মীরি। রাজ্য পুলিশের প্রধানের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত নিরাপত্তা অভিযানে নিহতরা সন্ত্রাসী বলে দাবি করে থাকে। ২০১৮ সালের ৩১শে ডিসেম্বর হিন্দুস্তান টাইমসকে জম্মু-কাশ্মীর পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং জানান, সেনাবাহিনী, রাজ্য পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ২০১৮ সালে ৩১১ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। ২০১৭ সালে এ সংখ্যা ছিলো ২১৩ জন। নিরাপত্তা অভিযানে গেল বছর নিহতদের বেশিরভাগই ছিলো দক্ষিণ কাশ্মীরে। সে অঞ্চলের পুলওয়ামাতেই ১৪ ফেব্রুয়ারি চালানো জঙ্গি হামলায় ৪৯ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়। পুলওয়ামা হামলার পর ২১শে ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়ায় প্রকাশিত এক মন্তব্য প্রতিবেদনে কাশ্মীরে অস্থিরতার জন্য ভারতীয় কেন্দ্রীয় নীতিকে দায়ী করা হয়। বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্য হাছিল করতে বিজেপির নীতির কারণে কাশ্মীরের উদারনৈতিক ও বিচ্ছিন্নতাবাদীরা একজোট হয়ে গেছে।
