উত্তর : আত্মাহত্যা একটি ভয়াবহ পাপ। এটা কাবীরা গুনাহের অন্তর্ভুক্ত। তবে আত্মহত্যাকারী যেহেতু কাফির নয়, সেহেতু তার জন্য দু‘আ করা যাবে। তুফায়ল ইবনু আমর আদ-দাওসী রাযিয়াল্লাহু আনহু-এর সাথে একজন লোক হিজরত করে মদীনায় এসেছিল। কিন্তু মদীনার আবহাওয়া তার অনুকূলে না হওয়ায় সে অসুস্থ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে চওড়া একটি তীর নিয়ে শরীরের জোড়াসমূহ কেটে ফেলে। হাত দিয়ে রক্তক্ষরণ হতে থাকলে একপর্যায়ে রক্তশূন্য হয়ে লোকটি মারা যায়। তুফায়ল তাকে স্বপ্নে দেখলেন খুব সুন্দর অবস্থায়। কিন্তু তার হাত দু’টি ঢাকা ছিল। তুফায়ল জিজ্ঞেস করলেন, তোমার রব তোমার সাথে কীরূপ ব্যবহার করেছেন? তিনি উত্তর করলেন, তার নবীর কাছে হিজরত করে আসার বদৌলতে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। তারপর তুফায়ল বললেন, কী ব্যাপার তোমার হাত দুটি ঢেকে রাখা দেখছি যে? তিনি বললেন, আমাকে বলা হয়েছে, তুমি নিজ হাতে যা নষ্ট করে ফেলেছ, তা ঠিক করে দেয়া হবে না। তুফায়ল এসে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে ঘটনা বিবৃত করলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ! তার হাত দুটিকেও ক্ষমা করে দাও (ছহীহ মুসলিম, হা/১১৬; মিশকাত, হা/৩৪৫৬)।
-সুলতানা রাজিয়া
শ্যামপুর, সাতক্ষীরা।
