কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : পাশাপাশি দু’টি দেশের একটির বিভিন্ন মসজিদে মাইকে ঘোষণা দেয়া হচ্ছে যে, শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে। আর তার পাশের দেশের বর্ডার এলাকার লোকজন শুনতে পাচ্ছে। কিন্তু সে দেশের বেতারে চাঁদ দেখার ঘোষণা দেয়া হয়নি। এ অবস্থায় করণীয় কী?

উত্তর : রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘চাঁদ দেখে ছিয়াম রাখ এবং চাঁদ দেখে ছিয়াম শেষ কর’ (ছহীহ বুখারী, হা/১৯০৯)। তাই ছিয়াম শুরু কিংবা শেষ করার জন্য চাঁদ দেখা শর্ত। চাঁদ যেহেতু সারাবিশ্বে একই সাথে উদিত হয় না, বরং উদয়াস্থলের ভিন্নতার দরুন একেক দেশে একেক সময় উদিত হয়। তাই যদি কোন মুসলিম দেশে চাঁদ উঠার ঘোষণা না দেয়া হয়, তাহলে সে দেশের জনগণ ছিয়াম রাখবে না। বরং দেশের সকল মানুষ যেদিন ছিয়াম রাখবে বা ঈদ করবে, সেদিন সকলের সাথে ছিয়াম কিংবা ঈদ পালন করবে। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘ঈদুল ফিতর হল সেই দিন, যে দিন লোকেরা ছিয়াম শেষ করে। ঈদুল আযহা হল সেই দিন, যেই দিন লোকেরা কুরবানী করে’ (তিরমিযী, হা/৮০২, সনদ ছহীহ)। তিরমিযীর অপর বর্ণনায় আছে, ছিয়াম হল সেই দিন, যে দিন তোমরা ছিয়াম রাখ। (তিরমিযী, হা/৬৯৭, সনদ ছহীহ)। ইমাম তিরমিযী বলেন, কোন কোন আহলে ইলম এর ব্যাখ্যায় বলেছেন, ‘এর দ্বারা উদ্দেশ্য হল, ছিয়াম এবং ঈদ সকল মানুষের সাথে জামা‘আতের সাথে সকল মানুষকে নিয়ে হবে’ (তিরমিযী, হা/৬৯৭, সনদ ছহীহ)।

-আবু হুমাঈদ সাঈদী

পার্বতীপুর, দিনাজপুর।


Magazine