কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : বিবাহের সময় স্ত্রীকে কী পরিমাণ মোহর দিতে হবে?

উত্তর : বিবাহে মোহরানা অপরিহার্য শর্ত। তবে মোহরের ব্যাপারে শরী‘আতে কোন পরিমাণ নির্ধারণ করা হয়নি। বরং বরের সাধ্য অনুযায়ী মোহরানা ধার্য করবে। কেননা মোহরানা নির্ধারণ করা যরূরী। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তোমরা স্ত্রীদেরকে তাদের মোহরানা খুশীমনে দিয়ে দাও’ (নিসা, ৪)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে মোহরানা বাবদ লোহার আংটি হলেও নিয়ে আসার নির্দেশ দেন। অতঃপর সেটাও না পাওয়ায় কুরআন শিক্ষা দেওয়ার শর্তে বিবাহ পড়িয়ে দেন (ছহীহ বুখারী, হা/৫১২১; ছহীহ মুসলিম, হা/১৪২৫; মিশকাত, হা/৩২০২)। তবে বিবাহে মোহর বেশী নির্ধারণ না করাই শরী‘আত সম্মত। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা নারীদের মোহর বেশী কর না’ (আবুদাঊদ, হা/২১০৬; ইরওয়া, হা/১৯২৭)। অন্য বর্ণনায় রয়েছে, ‘মোহর কম হ’লে বরকত বেশী হয়’ (ইরওয়া, ৬/৩৫০ পৃঃ)। উল্লেখ্য যে, লোক দেখানোর উদ্দেশ্যে অধিক পরিমাণ মোহরানা ধার্য করা এবং পরে স্ত্রীর কাছে মাফ চাওয়া ধোঁকার শামিল। এছাড়া যারা মোহরানা আদায় করে না, তারা দুনিয়া ও আখেরাতে তাদের স্ত্রীদের নিকট দায়বদ্ধ থাকবে। কেননা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে সকল শর্ত তোমাদের পূর্ণ করা উচিত, তন্মধ্যে সর্বোপযোগী শর্ত হল যা দ্বারা তোমরা লজ্জাস্থানকে হালাল কর’ (ছহীহ বুখারী, হা/২৭২১, ৫১৫১; ছহীহ মুসলিম, হা/১৪১৮; মিশকাত, হা/৩১৪৩)।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine