কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : ভুলবশত ইমামের পূর্বেই সূরা ফাতিহা পড়া হয়ে গেলে করণীয় কী?

উত্তর : ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণ করার জন্য’ (ছহীহ বুখারী, হা/৭৩৪; মিশকাত, হা/৮৫৭)। সুতরাং ইচ্ছা করে ইমামের পূর্বে কোন কাজ করা বৈধ নয়। আবু মূসা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখন ভারী হয়ে গেছি। অতএব আমি যখন রুকূ করি, তোমরাও তখন রুকূ কর এবং আমি যখন মাথা উঠাই, তোমরাও তখন মাথা উঠাও। আমি যখন সাজদাহ করি, তোমরাও তখন সাজদাহ করো। আমি যেন কোন ব্যাক্তিকে আমার আগে রুকূ ও সাজদায় যেতে না দেখি (ইবনে মাজাহ, হা/৯৫২)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমাদের কেউ যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তখন সে কি ভয় করে না যে, আল্লাহ তা‘আলা তার মাথাকে গাধার মাথায় পরিণত করে দিবেন, তার আকৃতি গাধার আকৃতি করে দেবেন (ছহীহ বুখারী, হা/৬৫০)। উল্লেখিত হাদীছসমূহ থেকে একথা স্পষ্ট হয় যে, ইমামের পূর্বে কোন কাজ করলে ইমামের অনুসরণ করা হয় না। তবে যদি ভুলবশত এমনটি হয়ে থাকে তাহলে ছালাত শুদ্ধ হয়ে যাবে। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা আমার উম্মতের ভুল করা ও ভুলে যাওয়াকে মাফ করে দিয়েছেন এবং সে কাজটিও মাফ করে দিয়েছেন, যে কাজটি তাদের দ্বারা জবরদস্তিমূলক করানো হয়’ (ইবনু মাজাহ, হা/২০৪৫; বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/১৪৮৭১; মিশকাত, হ/৬২৮৪)।

-উত্তর রামপুর উন্মুক্ত ইসলামী পাঠাগার

পত্নীতলা, নওগাঁ।


Magazine