কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : ফসল কাটার মৌসুমে কৃষকেরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে গিয়ে কয়েক দিনের জন্য অবস্থান করে। এমতাবস্থায় তারা ছালাত ক্বছর করতে পারে কি?

উত্তর : হ্যাঁ, এমতাবস্থায় তারা ছালাত ক্বছর করতে পারবে। কেননা সফরের জন্য কোন কর্ম নির্ধারণ নেই। যেকোন প্রয়োজনে মানুষ সফরে বের হলে ছালাত ক্বছর করবে। আল্লাহ তা‘আল বলেন, ‘যখন তোমরা সফর কর, তখন তোমাদের ছালাতে ক্বছর করার কোন দোষ নেই। যদি তোমরা আশঙ্কা কর যে, কাফেররা তোমাদেরকে উত্যক্ত করবে। নিশ্চয় কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু’ (নিসা, ১০১)। আনাস রাযিয়াল্লাহু আনহু বলতেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে মদীনায় যোহরের ছালাত চার রাক‘আত পড়েছি। আর যুল হুলাইফা গিয়ে আছরের ছালাত দুই রাক‘আত পড়েছি (ছহীহ বুখারী, হা/১০৮৯; ছহীহ মুসলিম, হা/৬৯০; মিশকাত, হা/১৩৩৩)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটানা ১৯ দিন ক্বছর করেছেন (ছহীহ বুখারী, হা/১৪০০, ১০৮১; মিশকাত, হা/১৩৩৭; তিরমিযী, হা/৫৪৯)। অর্থাৎ যতদিন তিনি অবস্থান করেছেন ততদিন কছর করেছেন, তাই স্থায়ী না হওয়া পর্যন্ত ছালাত ক্বছর ও জমা করে পড়া যাবে। অনেক ছাহাবী দীর্ঘ দিন সফরে থাকলেও ক্বছর করতেন (মিরকাত, ৩/২২১ পৃঃ; ফিকহুস সুন্নাহ, ১/২১৩-১৪ পৃঃ)।

-আব্দুল আহাদ

নলডাঙ্গা, নাটোর।


Magazine