উত্তর: না, এমন বিশ্বাস রাখা যাবে না। এটা ভ্রান্ত জাবারিয়া সম্পদায়ের আক্বীদা। তারা বান্দার ইচ্ছাশক্তিকে অস্বীকার করে। তারা বিশ্বাস করে, মানুষ যা কিছু করে বা যা ঘটে এতে মানুষের কোনো ব্যক্তিগত ইচ্ছা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। এই মতবাদের প্রতিষ্ঠাতা হলেন জা‘দ বিন দিরহাম। এক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস হলো বান্দার কর্মের স্বাধীনতা রয়েছে, সৎকর্ম করলে তাদেরকে প্রতিদান দেওয়া হবে আর অসৎকর্ম করলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ‘অচিরেই মুশরিকরা বলবে, আল্লাহ যদি চাইতেন, আমরা শিরক করতাম না এবং আমাদের পিতৃপুরুষরাও না এবং আমরা কোনো কিছু হারাম করতাম না। এভাবেই তাদের পূর্ববর্তীরা মিথ্যারোপ করেছে, যে পর্যন্ত না তারা আমার আযাব আস্বাদন করেছে। বলো, তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে, যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে? তোমরা তো শুধু ধারণার অনুসরণ করছ এবং তোমরা তো কেবল অনুমান করছ’ (আল-আনআম, ৬/১৪৮)। তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে’ (আদ-দাহর, ৭৬/৩)।
প্রশ্নকারী : মো. রুবেল মীর
