উত্তর: ঘুষদাতা ও গ্রহীতা উভয়েই অভিশপ্ত (আবূ দাঊদ, হা/৩৫৮০)। এক্ষেত্রে এই ব্যক্তিকে এখন তওবা করতে হবে। তওবার অন্যতম একটি শর্ত হচ্ছে যদি সে কারো হক্ব অন্যায়ভাবে নিয়ে থাকে, তাহলে তা তাকে ফেরত দেওয়া। সুতরাং উক্ত ব্যক্তির উচিত হবে ঘুষের টাকা সেই ব্যক্তিকে ফেরত দেওয়া। আবূ হুমাইদ রাযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল উতাবিয়্যা-কে বনূ সুলাইম গোত্রের যাকাত সংগ্রহের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। তিনি (দায়িত্ব শেষে) ফিরে এসে হিসাব দিলে বললেন, এটা আপনাদের জন্য, আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি সত্যবাদী হলে কেন তোমার পিতা-মাতার ঘরে বসে থাকলে না? তাহলে (দেখা যেত) তোমার কাছে এই উপহার আসে কি না! (ছহীহ বুখারী, হা/৭১৯৭)।
প্রশ্নকারী : মো. মেহেদী ইসলাম
