কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪): জিনকে কি বশ করা বা বোতলের মধ্যে আটকে রাখা যায়? তারা হারানো বা চুরি করা জিনিসের খবর দেয় কীভাবে?

উত্তর: কোনো জিনকে এমনভাবে বশ করা যায় না যে, তার ইচ্ছাশক্তি বিলুপ্ত হয়ে যায়। তবে কোনো তান্ত্রিক বা জাদুকরের সাথে চুক্তিবদ্ধ হয়ে নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে কখনো কখনো সে অন্যায় চাহিদা পূরণ করে থাকে। আবার কখনো তার কাছ থেকে জাদু ইত্যাদির মাধ্যমে জোরপূর্বক কাজ করিয়ে নেওয়া হয় (আল-আনআম, ৬/১২৮; তাফসীরে কুরতুবী, ৭/৮৪; মাজমূউল ফাতাওয়া, ইবনু তাইমিয়্যাহ, ১১/৩৩০ ও ১৩/৮০-৮৫)। আল্লাহ তাআলা ব্যতীত আর কেউই গায়েব জানে না (আন-নামল, ২৭/৬৫)। সুতরাং কোনো জিনের পক্ষে কোনো মাধ্যম ছাড়া হারানো বা চুরি হওয়া বস্তু সম্পর্কে সংবাদ দেওয়া সম্ভব নয়। তাদের দেওয়া বেশিরভাগ সংবাদ সঠিক হয় না। যেগুলো সঠিক হয় সেগুলো তারা বিভিন্ন মাধ্যমে জেনে থাকে। যেমন-

১. জিনদের নেটওয়ার্ক ব্যবহার করে। যেই জিনের সামনে চুরি বা হারানোর ঘটনা ঘটেছে তার মাধ্যমে অবগত হয়।

২. তারা দ্রুত পরিভ্রমণের ক্ষমতা কাজে লাগায়। জিনেরা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। ফলে হারানো বস্তুর সন্ধান পাওয়া তাদের জন্য সহজ হয়ে থাকে।

উল্লেখ্য, জিনকে বশ করা হারাম। কারণ জাদু বা শিরক করা ছাড়া জিনকে বশ করা যায় না। অনুরূপভাবে কোনো গণক বা কবিরাজের কাছে গিয়ে হারানো বস্তুর সন্ধান চাওয়া হারাম (মুসনাদে আহমাদ, হা/৯৫৩৬)।

ইয়াসির রাব্বি

নাটোর।

Magazine