কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০): আমার মোট আয় সবটুকু আয়কর নথিতে উল্লেখ করি না। কেননা তাতে অনেক টাকা সরকারকে দিতে হয়। এর পরিবর্তে টাকাগুলো বিভিন্ন মাদরাসা, মসজিদে দান করি এবং কিছু ইয়াতীম ছেলে লালনপালন করি। এটা করা কি বৈধ হবে?

উত্তর: কোনো রাষ্ট্র মুসলিমদের উপর বৈধভাবে কর আরোপ করে এবং তা দেশের নাগরিক সুবিধা, নিরাপত্তা ও জনকল্যাণে ব্যয় করে, তাহলে প্রতারণা করে আয় গোপন করা বৈধ নয়। মাদরাসা-মসজিদে দান করা বা ইয়াতীম লালনপালন করা নিঃসন্দেহে মহৎ কাজ, কিন্তু তা অন্যের প্রাপ্য বা রাষ্ট্রীয় দায় এড়িয়ে করার অনুমতি দেয় না। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো’ (আল-মায়েদা, ৫/১)। তিনি আরও বলেন, ‘তোমরা মানুষের প্রাপ্য বস্তু কম দিয়ো না’ (আল-আ‘রাফ, ৭/৮৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মুসলিমগণ তাদের চুক্তি ও শর্তের উপর অটল থাকবে’ (আবূ দাঊদ, হা/৩৫৯৪)। তিনি আরও বলেছেন, ‘যে প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১)। তবে যদি সরকার যুলম করে অবৈধ কর নেয়, তখন এমন ব্যক্তির বিষয়টি ভিন্ন। সে এ টাকা দান-ছাদাকা করতে পারে।

-নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine