কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮): একটি পোশাক কিনেছি। বাসায় আসার পর দেখি ভেতরে ছেঁড়া রয়েছে। পরদিন দোকানে নিয়ে গেলে তিনি ফেরত নিতে চান না। তিনি বলেন, বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না এটা তো ব্যাগে লেখা আছে। ইসলাম এ ব্যাপারে কী বলে?

উত্তর: ক্রেতার দায়িত্ব হলো পণ্য ক্রয় করার সময় পণ্যটি ভালোভাবে যাচাই করে বুঝে নেওয়া। কেননা পণ্য বুঝে নিয়ে চলে যাওয়ার পর কোনো ত্রুটি প্রকাশ পেলে বিক্রেতা পণ্য ফেরত নিতে বা ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি তারা (ক্রেতা-বিক্রেতা) উভয়ে ক্রয়-বিক্রয়ের পর বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের কেউ যদি তা পরিত্যাগ না করে, তবে ক্রয়-বিক্রয় সাব্যস্ত হয়ে যাবে’ (ছহীহ বুখারী, হা/২১১২)। তবে খিয়ার তথা ক্রয়-বিক্রয় বহাল রাখা বা বাতিল করার শর্ত থাকলে ফেরত নেওয়া উচিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুসলিমরা তাদের শর্তের উপর অটল থাকতে বাধ্য’ (তিরমিযী, হা/১৩৫২; ইবনু মাজাহ, হা/২৩৫৩)। তবে বিক্রিত পণ্যে কোনো ত্রুটি বা পণ্য পছন্দ না হলে মানবিক কারণে ফেরত নেওয়া ছওয়াবের কাজ, তবে বিক্রেতা বাধ্য নয়। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুসলিমের (ক্রয়-বিক্রয়ের) ভুল বা অনুতাপ মাফ করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল-ত্রুটি মাফ করে দেবেন’ (আবূ দাঊদ, হা/৩৪৬০)। অর্থাৎ কেউ ক্রয়কৃত জিনিস ফেরত দিতে চাইলে বা চুক্তি বাতিল করতে চাইলে তাকে সুযোগ দেওয়া।

-মুনতাসির বিল্লাহ

নওগাঁ।


Magazine