কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বে কোন ধর্ম মানতেন বা কী ইবাদত করতেন? কীভাবে করতেন? তাঁর কাছে তো তখনও কোনো অহী করা হয়নি।

উত্তর: রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুঅত লাভের পূর্বেও শিরক ও মূর্তিপূজা থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন এবং আল্লাহ তাআলার তাওহীদ ও ইবরাহীম আলাইহিস সালাম-এর মিল্লাতের উপর প্রতিষ্ঠিত ছিলেন (তাফসীরে ইবনে কাছীর, আন-নাহল, ১৬/১২৩-এর তাফসীর, ৪/৬১৪-৬১৬)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দাদা আব্দুল মুত্তালিবকে শিরকমুক্ত যেসব ইবাদত করতে দেখতেন তিনি সে ইবাদত করার চেষ্টা করতেন। তিনি হেরা গুহায় নির্জনে অবস্থান করতেন এবং সেখানে বহু রাত ধরে ‘তাহান্নুছ’ তথা আল্লাহ তাআলার ইবাদত করতেন (ছহীহ বুখারী, হা/৩; ছহীহ মুসলিম, হা/১৬০)। অর্থাৎ তিনি নির্জনে আল্লাহর যিকির, চিন্তা-ভাবনা, দু‘আ ও ইবাদতে মগ্ন থাকতেন। তবে তিনি তাওহীদের উপর ছিলেন, যদিও কুরআন ও শরীআতের বিস্তারিত বিধান তখনও তাঁর কাছে অহীর মাধ্যমে আসেনি। আল্লাহ তাআলা বলেন, ‘আপনি জানতেন না কিতাব কী এবং ঈমান কী’ (আশ-শূরা, ৪২/৫২)।

প্রশ্নকারী : সাজ্জাদ হোসেন

দিনাজপুর।


Magazine