কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): আমি মিরপুর ১২ নং দাওয়াহ সেন্টারে গিয়েছিলাম। যেহেতু তা আনুষ্ঠানিকভাবে মসজিদ নয়, তাই সেখানে নিয়মিত জামাআত ও জুমআর ছালাত আদায় করা কি বৈধ? একইভাবে সাধারণ মানুষ কি কর্মস্থলের বিল্ডিং, ছাদ বা কোনো কক্ষে নিয়মিত পাঁচ ওয়াক্ত ও জুমআর ছালাত আদায় করতে পারবে?

উত্তর: যখন কোনো স্থান মসজিদ হিসেবে ঘোষণা করা হবে, তখন তা ওয়াকফ হতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় মসজিদগুলো কেবলমাত্র আল্লাহর জন্য, কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য আর কাউকে ডেকো না’ (আল-জিন, ৭২/১৮)। মসজিদে নববী তৈরির সময় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মূল্য দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘হে বনূ নাজ্জার! তোমরা আমার কাছ থেকে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো। তারা বলল, না, আল্লাহর কসম! আমরা এর দাম নেব না। এর দাম আমরা একমাত্র আল্লাহর নিকটই আশা করি’ (ছহীহ বুখারী, হা/৪২৮)। তবে প্রয়োজনে নিয়মিত জামাআত ও জুমআর ছালাত কোনো স্থানে ওয়াকফ না হলেও আদায় করা যায়। মসজিদ ঘোষণা না করে যেকোনো জায়গায় প্রয়োজনে জুমআর ছালাত আদায় করা যায়। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! জুমআর দিনে যখন ছালাতের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও’ (আল-জুমুআহ, ৬২/৯)। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সমগ্র পৃথিবীকে আমার জন্য ছালাত আদায়ের স্থান (মসজিদ) এবং পবিত্রতা অর্জনের মাধ্যম (তায়াম্মুমের মাধ্যম) বানিয়ে দেওয়া হয়েছে। অতএব, আমার উম্মতের যে ব্যক্তির ছালাতের সময় উপস্থিত হবে, সে যেন সেখানেই ছালাত আদায় করে’ (ছহীহ বুখারী, হা/৩৩৫; ছহীহ মুসলিম, হা/৫২১)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine