উত্তর: বছরের পর বছর প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে কার্যত পরিত্যক্ত করে রেখে স্ত্রীর অধিকার নষ্ট করা এবং স্ত্রীর প্রতি যুলম করা হয়েছে, যা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা সম্পূর্ণভাবে একদিকে ঝুঁকে পড়ো না, যার ফলে অন্যজনকে ঝুলন্ত অবস্থায় রেখে দাও’ (আন-নিসা, ৪/১২৯)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তির দুজন স্ত্রী রয়েছে, অতঃপর সে তাদের একজনের প্রতি (অন্যায়ভাবে) ঝুঁকে পড়ে, সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার এক পাশ বেঁকে থাকবে’ (আবূ দাঊদ, হা/২১৩৩)। এখানেও পরিস্থিতিতে স্বামীর দীর্ঘদিনের অবহেলা, মানসিক কষ্ট, নিরাপত্তাহীনতা, স্বামীর প্রতি আস্থার অভাব ও পুনরায় যুলমের আশঙ্কা ইত্যাদি কারণে স্ত্রী স্বামীর কাছে যেতে অস্বীকৃতি জানালে সে গুনাহগার হবে না (ইবনু মাজাহ, হা/২৩৪০)। তবে উভয় পরিবারের বিজ্ঞ ও বিশ্বস্ত ব্যক্তিদের দিয়ে সালিশের মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত (আন-নিসা, ৪/৩৫)।
প্রশ্নকারী : আব্দুল করিম
