কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): মিশরের পিরামিডে সংরক্ষিত যে ফেরাউনের মমি (লাশ) রাখা হয়েছে, সেটি কি কুরআনে বর্ণিত মূসা আলাইহিস সালাম-এর ঘটনার সাথে সম্পর্কিত ফেরাউনের লাশ?

উত্তর: মিশরের পিরামিডে সংরক্ষিত যেই লাশকে কুরআনুল কারীমে বর্ণিত ফেরাউনের লাশ বলে প্রচার করা হয় সেটা আসলে নিশ্চিতভাবে তার লাশ বলা যায় না। বরং এই প্রচারিত লাশটি উন্মোচিত হয় ১৮৮১ খ্রিষ্টাব্দে (আন্তর্জাতিক আরবী বিশ্বকোষ, ১৩/৩৫০)। এর আগে লাশটি কোথায় ছিল? প্রাচীন ইতিহাস বা তাফসীরগ্রন্থে এর আলোচনা নেই কেন? এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর সঠিক উত্তর পাওয়া যায় না। বরং প্রসিদ্ধ তাফসীরগ্রন্থ তাফসীরে কুরতুবীতে এর বিপরীত বক্তব্য পাওয়া যায়। তা হলো, সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে ফেরাউনের শরীরকে না ডুবিয়ে মানুষদের জন্য শিক্ষার উপকরণ বানানোর যে কথা উল্লিখিত হয়েছে, এর ব্যাখ্যা হলো বনী ইসরাঈলের কিছু লোক বিশ্বাস করত, ফেরাউনের কখনো মৃত্যু হবে না। তাদের এই বিশ্বাসকে ভুল প্রমাণ করতে মহান আল্লাহ তাআলা এই কথা বলেন। তিনি সমুদ্রের এক পাশে অবস্থিত উঁচু স্থানে তার লাশ নিক্ষেপ করেন। এরপর বনী ইসরাঈলের লোকেরা দেখে, ফেরাউনের সত্যিই মৃত্যু হয়েছে। তাদের বিশ্বাসকে ভুল প্রমাণিত করা হয়। এরপর তার লাশকে আল্লাহ তাআলা সমুদ্রে ডুবিয়ে দেন (তাফসীরে কুরতুবী, ৮/৩৮০)।

প্রশ্নকারী : ইয়াসিন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া (সংযুক্ত আরব আমিরাত প্রবাসী)।



Magazine