উত্তর : এগুলো সব কুসংস্কার। ইসলামে এগুলোর কোনো স্থান নেই। বরং হজ্জ অথবা কোনো সফর থেকে ফিরে আসলে প্রথমে মসজিদে দুই রাক‘আত ছালাত আদায়ের পর মানুষের সাথে প্রয়োজনীয় কুশলাদি বিনিময় করে বাড়ীতে প্রবেশ করা সুন্নাত। কা‘ব ইবনু মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর থেকে আসলে প্রথমে মসজিদে প্রবেশ করে দু’রাক‘আত ছালাত আদায় করতেন। অতঃপর লোকদের সাথে বসতেন (ছহীহ বুখারী, হা/৩০৮৭ ও ২৬০৪)।
তবে হজ্জ সফর থেকে ফিরে এসে দাওয়াত খাওয়ানো যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর থেকে ফিরে এসে খানাপিনার অনুষ্ঠান করেছিলেন (ছহীহ বুখারী, হা/৩০৮৯; মিশকাত, হা/৩৯০৫)। তবে হজ্জে যাওয়ার পূর্বে অনুষ্ঠান করে দাওয়াত খাওয়ানোর যে প্রথা সমাজে চালু আছে তার কোনো প্রমাণ শরী‘আতে নেই; বরং তা বিদ‘আত ও কুসংষ্কার।
-ইসরাঈল
শেরপুর, বগুড়া।
